হারিয়ে যাওয়া বল
হারিয়ে গিয়ে ঝোপের ভেতর শুয়ে আছে যে-বল, সে দালান বাড়ি, মাথার ওপর ছাদ, আর শান বাঁধানো মেঝে হারিয়েছে। তিনটে উইকেট আর মেজাজী ব্যাটটার সঙ্গে তার শত্রুতা শেষ। শেষ নিরন্তর ছোটাছুটির জীবন। সে এখন ঘাসের সঙ্গে গল্প করে। মাঝে মাঝে ঝুঁকে তার সঙ্গে গল্প করে দু’তিনটি পার্থেনিয়াম গাছ। একটা ফড়িং এসে একদিন বসেছিল তার গায়ে। শিহরন বলতে ওইটুকুই। ভয়? হ্যাঁ, তা আছে। মজুমদার বাড়ির ছোটো ছেলে বড়ো দস্যি। ঝোপ-জঙ্গলের বাধা সে মানে না। মুখার্জি কাকিমা একদিন বলছিল মুচকি হেসে। সে শুনেছে। দু’হাতে ঝোপ সরাতে সরাতে যে কোনও দিন ও তাকে খুঁজে পেতে পারে। তবে এসব নিয়ে সে বেশি ভাবে না। রোজ সকালে শিশির যখন তাকে স্নান করিয়ে দেয় তখন সে বুঝতে পারে কাকে বলে শান্তি, কেন তার প্রথম মালিক নোটন দাদা আর ফিরে আসেনি ঘরে।
ছবিঃ অনুষ্টুপ লাই
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন