ধাবমান
মাদুর বোনার হাতে ভাত বাড়ে বাউন্ডুলে বউ
এতক্ষণ যে হাসিরা কাঠিকে মিলিয়ে
দিচ্ছিল
সে হাসি এখন ভাতের কাঁকর বাছে
ঝঁপানো অবাধ্য চুল ভিটের আগলের মত
আটকে রাখে ধাবমান গন্ধ...
সেই স্পষ্ট অবাক করা হাসি
ঝাঁপিয়ে লাফিয়ে নামে তীব্রতম
মায়ায়
এবার অন্তত রাজি হও
মাঠে মাঠে কবিতায় ভালোবাসাবাসি
প্রতিমা
এই আলগা আলোয় প্রতিমার মুখ ঠিক মায়ের মুখের মত-
অসুর নিধনের পরও দৈব বিষন্নতা ছড়িয়ে
থাকে...
বাড়ন্ত সংসার সামলে মা আলতো ঘুমিয়ে থাকে
স্বপ্নে লক্ষীর ঘট পাতে আলপনা আঁকে আম
পল্লব টাঙায়
পরের দিনের কাজ এগিয়ে রাখে খানিক;
এই শুভ্র অবেলায় হাড়জিরজিরে ঘুমন্ত
মায়ের দেহ
প্রতিমার আলগা কাঠামোর মত ঝুঁকে থাকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন