লেখা
একদিন লেখা লিখবার ছলে উঠে গিয়েছিলে খেলা ছেড়ে
সেই খেলা আজ শুধু লেখালেখা খেলা হয়ে গেছে
পুকুরে পড়েছে ঢিল, কত তার বৃত্তাকার ক্ষত
বুকের ভেতরে ঠিক সেইভাবে প্রতিটি অত্যাচার, প্রতিটি অবহেলার মত
আরো কিছু, যা যা কিছু, সব আসে, এসে বাসা বাঁধে
এবার তোমাকে সেই ছোট কিল, ছোট ঢিল নিয়ে যাবে কাঁধে
বিরাট কষ্টের কাছে। সেইখানে বালি দানা থেকে মুক্তো হয়
আপন লালার রসে। তুমি পারো, তুমি ঠিক পারো।
নিজেকে ভোলাও কেন তবে, কেন বল তুমি অপেক্ষা পার না?
কেন মনে পড়ে কারা কবে যেন উদাসীন, তোমাকে দেখেনি?
সব প্রতিশোধ আজ শেষ হল, সব খেলা খেলা লেখা শেষে
আজ শুধু গাঢ় বর্ণের এক রক্তের পুকুরে
তুমি শুধু ডুব দাও, তার থেকে ওঠাও প্রতিমা এক দমে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন