নভেম্বর ২০২১
১
হেরে যাওয়া নিয়ে ব্যস্ত হওনি কোনোদিন
ছিপে মাছ গেঁথে আবার জলেই ছেড়ে দিয়েছ
ঘাসের ভেতর খুঁজে বেড়াতে বাতিল পয়সা
সে অনেক পুরোনো কথা
আজকাল ব্যস্ততা ঝেঁকে ধরেছে তোমায়
টুঁটি টিপে ধরে আইনপ্রণেতারা বোঝাচ্ছেন
প্রগতির সরল সূত্র
একটু একটু করে এগিয়ে আসছে
দু হাজার তিরিশ সাল
সাদা মোজা আর কালো কলম হাতে
তুমি লিখে রাখছ
আত্মহত্যার কুটিল বিরোধগুলি
২
হেমন্ত নামে যে একটা ঋতু আছে
তা কোনোদিন বোঝা হল না তোমার
মুখোমুখি আঘাতে শীতের কাছে বারেবারেই হেরে যাও
ভাবো এ বারে একটা গরম জামা কিনতেই হবে
গুনে নিতে হবে এক এক নয়া পয়সা
মেলার মাঠে পা ছড়িয়ে বসে থাকা
যুবক যুবতীদের গিয়ে জিজ্ঞেস করতে হবে
ওদিকে শীত কেমন
রাত্রির আসর কাঁপানো নাচিয়েরা কোথায়
৩
হাওয়া একটু চনমনে হলেই
তোমাকে ডেকে নেব
আমিও চলে যেতে পারি
অফিসটা ভয় ছড়াচ্ছে চারিদিকে
দরজা আটকে বসে আছেন বড় ঠাকুর
এখনই দম বন্ধ হলে
হাত দুটো বাড়াও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন