কবিতাঃ দেবেশ ঠাকুর

 



পিছনে আগাও শাস্ত্র-শস্ত্র নিয়ে

 এগিয়ে চলেছি ক্রমশ: পিছন দিকে

মুখ লুকিয়েছি মনু আর পরাশরে

সেলফোনে রোজ ধরছি বৈতরণীকে

অতি চর্চিত আদিমতা ঘরে ঘরে।

 

আমরা অনেক এগিয়েছি বিজ্ঞানে

ঠিক ততটাই পিছিয়েছি এতোদিন

যতটা মজেছি ধর্মের অভিযানে

ততটা হয়েছি হীন থেকে আরও হীন।

 

এপারের থেকে ওপার অনেক শ্রেয়

অপারে ভেবেছি শেষ বিচারের মধু

মননের স্বাদ আজও কি দূরপনেয়!

হননের সুদে শাকি হুরি নববধূ।

 

নরকের দ্বার নারীকে কোতল করো

সভ্যতা কালো কাপড়ে ঢেকেছে মুখ

কন্যা-মুক্ত করো ভূমি চরাচরও

প্রাণদানে শোধ সামান্য ভুল চুক।

 

ধর্ম কাটছে বিজ্ঞান যুক্তিকে

আইন যেখানে প্রাচীনের তালে গান

পলকা সুতোয় সভ্যতা থাকে টিকে!

বন্দুকে সুর তুলবেই তালেবান।

 

অস্ত্র নামিয়ে কলম কেতাব ধরো

ইশকুলে যাক মেয়েরা । গণিত ক্লাসে--

কিছু ইতিহাস, কিছুটা ভূগোল পড়ো

ধর্ম যখন রাজনীতি ,দেশ ত্রাসের।

 

দোহাই শাস্ত্র!  টেনো না পিছন দিকে

মানুষও থাকবে।  মানবতা থাক টিকে।

 

 তোমার এবার সময় কখন হবে

 গুছিয়ে নিয়ে গেরস্থালি

  বাসন-কোসন খড়-বিচালি

     ঠাকুরঘরে ফুলের ডালি

        সাজাই যেটুক দারিদ্র্যে, বৈভবে

তোমার এবার সময় কখন হবে!

 

  আর কতদিন চর্যাপদে

    ডুবিয়ে চাকা কর্ণবধে

      ভগ্নজানু  লুকাই হ্রদে

        যা পেয়েছি খুয়েছি শৈশবে

 তোমার এবার সময় কখন হবেে!

 

এখন আমার দু হাত খালি

   আনন্দে তাও বাজাই তালি

       ধরলে সোনা হচ্ছে বালি

          বিয়ের চিঠির নিত্য উপদ্রবে

তোমার এবার সময় কখন হবে!

 

সুফি গাইছেন জালাল রুমি

  উর্বরা হয়  দগ্ধ ভূমি

     তার গভীরে বিপুল তুমি  

        অস্থি ভাসাই তিল-কাঞ্চন-যব-এ

তোমার এবার সময় কখন হবে!

 

সময় সোনার চেয়ে দামি

    চলায় যেমন আমার আমি

       বয়স কালে যে সংগ্রামী

          আজ মেলে না হরে এবং লবে

তোমার এবার সময় কখন হবে!

 

অপেক্ষাতে অপেক্ষাতে

   শূন্য হল জমার খাতে

       শেষ আলোটিও দখল  রাতের

          ঝরার যদি ঝরিয়ে দাও তবে    

তোমার এবার সময় কখন হবে!

 

রোদ্দুরকে ঢাকছে ছায়া

   কায়ক্লেশে বিকায়  কায়া

        না পেলে সাধ বলছি, ' মায়া'--

            সঙ্গী বাড়াই বিপুল কলরবের

তোমার এবার সময় হবে কবে?

 

এগিয়ে যাই আমিই একা

   পেতেও পারি তোমার দেখা

      পথের ধুলো  ভরুক লেখায়

          লভ্যাংশ হারাবো দুর্লভে?

তোমার এবার সময় হবে কবে!

ছবিঃ অনুষ্টুপ লাই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com

  একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্জিত ...