কবিতাঃ সৌমেন সাউ

 বন্ধন

 পোড়ো বারান্দায় দাঁড়িয়ে চোখ মেলে দেখি

হঠাৎ দুই পারের সব ব্যবধান মুছে যাচ্ছে

মেপলপাতা দিয়ে ছাওয়া কুটির থেকে

নীল-লাল আলো এসে ঝুলে পড়ছে

মহুয়াগাছের বাঁকানো শাখায়।

 

দুঃখের কোনো দাবি থাকে না

কাছাকাছি পাশাপাশি থাকা ছাড়া

আকাশ থেকে নেমে আসা হলুদ সুতোর সঙ্গে

একটি দীর্ঘ নদী জুড়ে দিয়ে দেখি

মুখ নামিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে নদী

এবার এই পৃথিবীর সঙ্গে ওই পৃথিবী জুড়ে দিয়ে

সারারাত সরোদ বাজাব।

  

যা কথা ছিল

 ছায়া নামছে ক্রমশ

বামদিক থেকে ডানদিক থেকে

অন্যদিনের মতো।

 

মেঘলা রোদ

রাধাচূড়ার পাশে কৃষ্ণচূড়া নিস্তব্ধ নিথর

চারিদিক থেকে হাওয়া বইছে হুহু।

 

এখানে ওখানে

মাটি ফুঁড়ে বেরিয়েছে অঙ্কুর

কেউ নেই, কেউ নেই, নেই কেউ।

 

এমনিতে বড্ড দেরি হয়ে গেছে

যা হওয়ার কথা ছিল

তা এবার হোক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com

  একটি লড়াকু পত্রিকা সম্পাদকমণ্ডলীঃ   অভিজিৎ   ঘোষ ,  অনির্বাণ সরকার ,  এয়োনিয়ান   অনির্বাণ ,  সুমিত পতি ,  মনোহর   হোসেন   মণ্ডল, চিরঞ্জিত ...